কক্সবাজারে ৩৪ জেলে আটক, দুই অবৈধ ট্রলিং বোট জব্দ

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে জব্দকৃত বোট তল্লাশি করে আনুমানিক ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল, প্রায় এক হাজার কেজি সামুদ্রিক মাছ এবং এসব কার্যক্রমে জড়িত ৩৪ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। প্রয়োজনীয় মুচলেকা গ্রহণের মাধ্যমে বোটগুলো মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়।
জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


For all latest news, follow The Financial Express Google News channel.